বারহাট্টায় মাদকাসক্ত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Date:

Share:

বারহাট্টায় মাদকাসক্ত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

চয়ন চৌধুরী, বারহাট্টা থেকেঃ

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মো. শুভ্র মিয়া (২২) নামে এক মাদকাসক্ত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সিংধা ইউনিয়নের ধনপুর গ্রামের নিজ বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলানো অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবক শুভ্র মিয়া ওই গ্রামের আব্দুল মোমেনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঘরের কেবিনে শুভ্রর কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজার ফাঁক দিয়ে উঁকি দেন। এ সময় তারা দেখতে পান, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে কাপড় দিয়ে ফাঁস লাগানো অবস্থায় শুভ্র ঝুলছেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত প্রায় তিন বছর আগে মাদকাসক্ত হয়ে পড়েন শুভ্র। তার পরিবারের পক্ষ থেকে মাদকের আসক্তি থেকে শুভ্রকে মুক্ত করার জন্য তিন মাস তাকে একটি পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) রাখা হয়েছিল। তবে সেখান থেকে ফিরে আসার পর আবারও মাদক সেবনে জড়িয়ে পড়েন শুভ্র।
স্বজনদের দাবি, মাদক সেবনের পর শুভ্র অস্বাভাবিক আচরণ করতেন এবং বিভিন্ন সময় পরিবারের সদস্য ও অন্যদের মারধর করতেন। মাদক না পেলে নিজের শরীরেও আঘাত করে রক্তাক্ত করতেন। তার আচরণে পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে পড়েন। এ কারণে প্রায় দুই মাস ধরে তাকে ঘরের একটি কক্ষে শিকল দিয়ে তালাবদ্ধ করে রাখা হতো। কয়েক দিন আগেও তিনি তার মা ঝর্ণা আক্তারকে মারধর করেন বলে পরিবার জানায়।

শুভ্রর মা ঝর্ণা আক্তার বলেন, ‘আগে শুভ্র ভালোই ছিল। প্রায় তিন বছর ধরে মাদকে জড়িয়ে পড়ার পর তার আচরণে পরিবর্তন আসে। মাদক না পেলেই সে মানুষকে মারধর করত। তাকে তিন মাস রিহ্যাবেও রাখা হয়েছিল। কিন্তু কোনো পরিবর্তন হয়নি। প্রায় দুই মাস ধরে তাকে ঘরের কেবিনে শিকল দিয়ে তালাবদ্ধ করে রাখতে হতো। আজ ঘরের ভেতরে থাকা কাপড় দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে।’

মঙ্গলবার সকালে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে আজই ময়নাতন্তের জন্য তার লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।###

১১ আগস্ট ২০২৬
বারহাট্টায় মাদকাসক্ত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার