অগ্রণী ব্যাংক কপিলমুনি বাজার শাখায় বাংলা কিউআর কোড রোড শো
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছার কপিলমুনি বাজারে অগ্রণী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর কোড বিষয়ে সচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় অগ্রণী ব্যাংক কপিলমুনি বাজার শাখার উদ্যোগে এ রোড শো অনুষ্ঠিত হয়। জানা গেছে, দেশব্যাপী ‘অপার সম্ভাবনা বাংলা কিউআর কোড’ কার্যক্রমের আওতায় মার্চেন্ট ও গ্রাহকদের মধ্যে বাংলা কিউআর কোড ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্রণী ব্যাংক এ উদ্যোগ গ্রহণ করেছে।
এরই ধারাবাহিকতায় অগ্রণী ব্যাংক কপিলমুনি বাজার শাখার পক্ষ থেকে আয়োজিত রোড শোতে শাখার ব্যবস্থাপকসহ সকল কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা অংশগ্রহণ করেন।
রোড শোটি কপিলমুনি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্যাংকের সামনে এসে শেষ হয়। এ সময় মার্চেন্ট গ্রাহকদের বাংলা কিউআর কোডের আওতায় লেনদেন করার জন্য আহ্বান জানানো হয়।
ব্যাংক কর্মকর্তারা বলেন, ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও জনপ্রিয় করতে বাংলা কিউআর কোড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বিষয়ে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিতভাবে এর ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
