পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা

Date:

Share:

পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
…………………………………………………………………………
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফাহমিদা হক পাইকগাছা ও কয়রা উপজেলা এবং পাইকগাছা পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
সোমবার বিকেলে পাইকগাছা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (লোনা পানি কেন্দ্র) মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল আলম নান্নু, জেলা যুবদলের সভাপতি শামীম কবীর, কয়রা উপজেলা বিএনপি নেতা নুরুল আমিন বাবুল ও এম এ হাসান এবং পাইকগাছা পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাইকগাছা উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ফাহমিদা হক বলেন, খুলনা-৬ আসনের পাইকগাছা ও কয়রা উপজেলার সার্বিক উন্নয়নে তিনি দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, প্রবাসী কার্ড চালু সহ খাল খনন কর্মসূচির কার্যক্রম এগিয়ে চলছে। আগামী পাঁচ বছরের মধ্যে এসব উদ্যোগ শতভাগ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে বলেও তিনি জানান। এ সময় তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল এসব কর্মসূচি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিএনপির বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় পাইকগাছা ও কয়রা উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৩ আগস্ট ২০২৬
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা