পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

Date:

Share:

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
বিশ্বখ্যাত বিজ্ঞানী, শিল্পোদ্যোক্তা ও দানবীর আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র (পিসি) রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনার পাইকগাছায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধাভরে তাঁকে স্মরণ করা হয়েছে।
রোববার (২ আগস্ট) সকালে পাইকগাছা উপজেলার রাড়ুলীতে অবস্থিত তাঁর জন্মভিটায় খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে স্যার পিসি রায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে তাঁর জীবন ও কর্মভিত্তিক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, স্মরণসভা, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন। তিনি বলেন, স্যার পিসি রায় শুধু একজন বিশ্বখ্যাত রসায়নবিদই ছিলেন না, তিনি ছিলেন শিল্পোন্নয়নের অগ্রদূত, নতুন প্রজন্মের অনুপ্রেরণা এবং অসাধারণ দেশপ্রেমিক। অনুষ্ঠানে বক্তারা তাঁর বিজ্ঞানচর্চা, শিল্পোদ্যোগ, মানবকল্যাণে অবদান ও জীবনদর্শনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর আদর্শ তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক কানিজ ফাতেমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. আমির হামজা, খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মহিদুল ইসলাম, ওসি (অপারেশন) জুলফিকার আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী।
এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমদ ময়না, অবসরপ্রাপ্ত শিক্ষক ও লেখক জয়ন্ত ঘোষ, সাংবাদিক দিদারুল আলম, রাড়ুলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাসেম, জামায়াত নেতা অধ্যাপক আব্দুল মোমিন সানা, প্রধান শিক্ষক গৌতম কুমার ঘোষ, শিক্ষার্থী সমাপ্তি ঘোষ, অরিত্র দাশ ও ফাতিম আনজুম, বীর মুক্তিযোদ্ধা জিএম জামির হোসেন, রনজিৎ কুমার সরকার, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার এবং কাজী সাজ্জাদ আহমেদ মানিক। এ সময় শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

৩ আগস্ট ২০২৬
পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত