ধর্মপাশায় পাগলা শিয়ালের কামড়ে এক রাতে কমপক্ষে ১৫ জন আহত
চয়ন চৌধুরী, ধর্মপাশা থেকেঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় পাগলা শিয়ালের কামড়ে এক রাতেই কমপক্ষে ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
আহতদের মধ্যে শিশু, কিশোর, যুবক, নারী ও বৃদ্ধ রয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পাগলা শিয়াল এ তান্ডব চালিয়েছে।
পাগলা শিয়ালের আকস্মিক এ তান্ডবে এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আটটা থেকে উপজেলা সদরের হলিদাকান্দা, নোয়াবন্দ, ফাতেমানগর, কামলাবাজ ও ধর্মপাশা গ্রামে পথচারী ও বাড়ির আঙিনায় থাকা লোকজনের ওপর পাগলা শিয়াল অতর্কিত হামলা চালায়। এতে বিভিন্ন বয়সের অন্তত ১৫ জন আহত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলা সদরে বিভিন্ন গ্রাম থেকে শিয়ালের কামড়ে আক্রান্ত হয়ে নারী, পুরুষ, শিশু, যুবক ও বৃদ্ধ এ স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ভ্যাকসিন দেয়ার পর বাড়ি পাঠানো হয়। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি রাখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার সকালে আরও দুইজন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদেরও প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবির সরকার বলেন, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত শিয়ালের কামড়ে আক্রান্ত ১৫ জনকে এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, শিয়াল বা অন্য কোনো বন্য প্রাণীর কামড়কে কখনোই সাধারণ ঘটনা হিসেবে নেওয়া উচিত নয়। আক্রান্ত ব্যক্তিকে দ্রুত সাবান ও পরিষ্কার পানি দিয়ে ক্ষতস্থান ধুয়ে নিকটস্থ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসতে হবে।
