শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ অবিলম্বে বাতিলের দাবিতে মানববন্ধন

Date:

Share:

শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ অবিলম্বে বাতিলের দাবিতে মানববন্ধন

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনের এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলন, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে এবং সংসদ সদস্য পদ অবিলম্বে বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় তার পদত্যাগ ও সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানানো হয়। শ্যামনগর প্রেসক্লাব চত্বরে ‘সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে এবং এসব ঘটনায় ইতোমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করেছে। তাদের দাবি, দলীয় বহিষ্কারের পাশাপাশি সংসদ সদস্য পদ থেকেও তাকে অপসারণের উদ্যোগ নিতে হবে। মানববন্ধনে আলেমদের পক্ষে বক্তব্য দেন মুফতি মাওলানা আব্দুল কাইয়ুম। তিনি বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। তার বিরুদ্ধে ওঠা অভিযোগে শ্যামনগরসহ দেশের আলেম-ওলামা ও সাধারণ মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি জাতীয় সংসদের স্পিকারের প্রতি প্রয়োজনীয় সাংবিধানিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।এ সময় আরও বক্তব্য দেন, মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হাফেজ লাবিব হাসান নাহিদ, হাফেজ মনিরুল ইসলামসহ স্থানীয় আলেম-ওলামা। বক্তারা বলেন, অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

২৩ জুলাই ২০২৬
শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ অবিলম্বে বাতিলের দাবিতে মানববন্ধন