চুকনগর জিরো পয়েন্টে মরণফাঁদ: দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশের মানবিক উদ্যোগ, স্বল্পসময়ের মধ্যে সমাধানের আশ্বাস সওজ-এর

Date:

Share:

চুকনগর জিরো পয়েন্টে মরণফাঁদ: দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশের মানবিক উদ্যোগ, স্বল্পসময়ের মধ্যে সমাধানের আশ্বাস সওজ-এর

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ চুকনগর বাসস্ট্যান্ড সংলগ্ন ‘জিরো পয়েন্ট’ এলাকাটি এখন সাধারণ পথচারী ও যানবাহন চালকদের জন্য এক চরম আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। খুলনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের চলমান উন্নয়ন কাজের অংশ হিসেবে এখানে একটি বিশাল গর্ত খুঁড়ে রাখা হলেও দীর্ঘদিন ধরে তা ঝুলে রয়েছে। ফলে যেকোনো সময় বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিনে চুকনগর বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে দেখা যায়, ব্যস্ততম এই মোড়ের ঠিক মাঝখানে বিশাল আকৃতির একটি গোল গর্ত হয়ে আছে। সম্প্রতি বৃষ্টির কারণে গর্তটির পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। এই মহাসড়কটি দিয়ে দিন-রাত সহস্রাধীক বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচল করে।
স্থানীয় চালক ও যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, মূলত ট্রাফিক আইল্যান্ড বা জিরো পয়েন্ট তৈরির উদ্দেশ্যে এই গর্তটি করা হয়েছে। কিন্তু দীর্ঘদিন পার হলেও গর্তটির চারপাশে কোনো নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়নি। বিশেষ করে রাতের বেলায় অপরিচিত চালকরা এই মোড়ে এসে চরম বিপাকে পড়ছেন। যেকোনো মুহূর্তে বড় কোনো যানবাহন উল্টে গিয়ে বা অসাবধানতাবশত পথচারী পড়ে গিয়ে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
“ব্যস্ত রাস্তার মাঝখানে এভাবে অরক্ষিত গর্ত ফেলে রাখা অত্যন্ত বিপজ্জনক। রাতের বেলা দূর থেকে বোঝার কোনো উপায় থাকে না। যেকোনো সময় বড় গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটতে পারে।

এমন বিপজ্জনক ও থমথমে পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গতা রবিবার রাতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে খুলনা জেলা ট্রাফিকের এটিআই শাহিন। তিনি সম্পূর্ণ নিজ অর্থায়নে এই গভীর গর্তটির চারপাশে সতর্কতাস্বরূপ সাদা সিগনাল ফিতা টানিয়ে দেন। দূর থেকে আসা চালকেরা যেন সহজেই বিপদ আঁচ করতে পারেন এবং সতর্ক হতে পারেন, মূলত সেই উদ্দেশ্যেই তিনি এই অস্থায়ী বেষ্টনী তৈরি করেন। তাঁর এই মানবিক ও দায়িত্বশীল উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, চালক ও সাধারণ পথচারীরা।
এই জনদুর্ভোগ ও ঝুঁকির বিষয়ে খুলনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী তানিমুল হক-এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান:
সড়কের উন্নয়ন কাজ বর্তমানে চলমান রয়েছে।
বৃষ্টির কারণে কাজে কিছুটা বিঘ্ন ঘটায় সাময়িক এই অসুবিধা হচ্ছে।
খুব স্বল্প সময়ের মধ্যেই চুকনগর বাসস্ট্যান্ডের জিরো পয়েন্টের এই গর্ত ভরাট ও সংস্কারের কাজ শেষ করে পরিস্থিতি স্বাভাবিক করে দেওয়া হবে।
একই সাথে চলমান উন্নয়ন কাজের জন্য জনসাধারণের এই সাময়িক অসুবিধার বিষয়ে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

 

৬ জুলাই ২০২৬
চুকনগর জিরো পয়েন্টে মরণফাঁদ: দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশের মানবিক উদ্যোগ, স্বল্পসময়ের মধ্যে সমাধানের আশ্বাস সওজ-এর