তালায় যাত্রীবাহী বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত, বাবা আহত

Date:

Share:

তালায় যাত্রীবাহী বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত, বাবা আহত
জহর হাসান সাগর |
সাতক্ষীরার তালা উপজেলার শাহপুর বাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় কুশল সরকার (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা কানাই লাল সরকার গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত কুশল সরকার তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার বাবা কানাই লাল সরকার কানাইদাহ উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক। তাদের গ্রামের বাড়ি উপজেলার খলিলনগর ইউনিয়নের সরকারপাড়ায়। তবে চাকরির সুবাদে কুশলের বাবা-মা চুকনগরে বসবাস করেন এবং উভয়েই শিক্ষকতা পেশায় নিয়োজিত।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কানাই লাল সরকার মোটরসাইকেলে করে ছেলে কুশলকে বিদ্যালয়ে নিয়ে যাচ্ছিলেন। পথে শাহপুর বাজার এলাকায় পৌঁছালে পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনা মেট্রো-জ-০৫-০০৪৯ নম্বরের খুলনাগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ওভারটেক করার সময় মোটরসাইকেলের লুকিং গ্লাসে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের ভারসাম্য হারিয়ে কুশল ছিটকে পড়ে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার বাবা কানাই লাল সরকারও মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন।
খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কুশল সরকারের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা।

১ জুলাই ২০২৬
তালায় যাত্রীবাহী বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত, বাবা আহত