পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে সুন্দরবন সাংবাদিক ফোরামের সভা অনুষ্ঠিত

Date:

Share:

  1. পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে সুন্দরবন সাংবাদিক ফোরামের সভা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
    জার্নালিজম ফর সুন্দরবন সাংবাদিক ফোরাম খুলনার সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর সুন্দরবন সুরক্ষা প্রকল্পের সহযোগিতায় ২৮ জুন রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবের সাংবাদিক হুমায়ুন কবির বালু মিলনায়তনে ফোরামের গুরুত্বপূর্ণ এ সভার আয়োজন করা হয়। সুন্দরবন সাংবাদিক ফোরামের আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে ও সুন্দরবন সুরক্ষা প্রকল্পের এম এন্ড ই অফিসার দীপ সাহা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা জামান পপলু, কৌশিক দে, ফোরামের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল আজিজ, শিপন ভূইয়া, সিনিয়র সাংবাদিক প্রবীর কুমার বিশ্বাস, উত্তম মন্ডল, কাজী শামীম আহমেদ, কামাল হোসেন, প্রকাশ ঘোষ বিধান, স্নেহেন্দু বিকাশ, রমেন রায়, রুহুল আমিন, সাইফুর রহমান, দীপক কুমার, ইয়াসির আরাফাত ও শেখ আব্দুল হামিদ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুপান্তর সুন্দরবন সুরক্ষা প্রকল্পের প্রোজেক্ট কো-অর্ডিনেটর শুভাশিস ভট্টাচার্য ও প্রজেক্ট অফিসার সাকী রেজওয়ানা।
    সভায় সুন্দরবন সুরক্ষায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা। এছাড়া সভায় বনদস্যুদের দৌরাত্ম বন্ধ করতে সরকার ও আইনশৃংখলা বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণ, পেশাজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা, সুন্দরবনের জীব বৈচিত্র্যের সুরক্ষা নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ, প্রজনন মৌসুমে মাছ কাঁকড়া আহরণ বন্ধ করা, বিষ দিয়ে মাছ ধরা বন্ধ করা, দৈনন্দিন জীবনে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনা এবং বিকল্প ব্যবস্থা গ্রহণ , সুন্দরবনের সম্পদ লুট ও পাচার রোধে বন বিভাগের কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা রাখা, সুন্দরবন সংলগ্ন জনসাধারণ কে সচেতন করা, দেশী ও আন্তর্জাতিক গবেষণা কার্যক্রম পরিচালনা করা ও সুন্দরবন সুরক্ষা এবং দূষণ রোধে বেশি বেশি বিষয় ভিত্তিক রিপোর্ট করা সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
    সভায় সুন্দরবন সুরক্ষা এবং পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধের উপর ভালো রিপোর্টের স্বীকৃতি স্বরূপ সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, আবু হেনা মোস্তফা জামান পপলু ও কৌশিক দে কে পুরস্কার প্রদান করা হয়।

২৮ জুন ২০২৬
পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে সুন্দরবন সাংবাদিক ফোরামের সভা অনুষ্ঠিত