মোহনগঞ্জে মা-বাবা সাথে বিয়ের দাওয়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
- চয়ন চৌধুরী, মোহনগঞ্জ থেকেঃ
নেত্রকোনার মোহনগঞ্জে মা-বাবার সাথে বিয়ের দাওয়াত খাওয়া আর হলোনা ইয়াসিন নামে ৫ বছরের এক শিশুর।
রাস্তা পার হয়ে বিয়ে বাড়িতে যাওয়ার সময় অটোরিকশার নিচে চাপা পড়ে মৃত্যু হয় তার।
শুক্রবার দুপুরে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের কচুয়ারচর গ্রাম সংলগ্ন রাস্তায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু ইয়াসিন পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামের খোকন মিয়ার ছেলে।
পুলিশ ও নিহত শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলার গাবী গ্রামের খোকন মিয়া তার স্ত্রী ও একমাত্র শিশু পুত্র ইয়াসিনকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার বিকেলে মোহনগঞ্জ উপজেলার কচুয়ারচর গ্রামে আসেন তার এক নিকট আত্মীয়ের মেয়ের বিয়ের দাওয়াতে অংশ নিতে। এসময় শিশু ইয়াসিন তার মা-বাবার পেছনে-পেছনে হেঁটে রাস্তা পার হয়ে বিয়ে বাড়িতে যাচ্ছিল। তখন হঠাৎ করে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি যাত্রী বোঝাই অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় শিশু ইয়াসিন। পরে তার মা-বাবাসহ স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে গুরুতর আহত শিশু ইয়াসিনকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে ভর্তী করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, ঘটনার পর খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহত শিশুটির সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য তার মরদেহ নেত্রকোনা মর্গে পাঠানোর জন্য থানায় নিয়ে আসা হয়। পরে ওই রাতে নিহত শিশুটির পরিবারসহ গন্যমান্য ব্যক্তিবর্গে সুপারিশে নিহতের মরদেহ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে।
