অসহায় নুর মোহাম্মদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান, টানা বৃষ্টিতে বসতবাড়ি বিধ্বস্ত

Date:

Share:

অসহায় নুর মোহাম্মদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান, টানা বৃষ্টিতে বসতবাড়ি বিধ্বস্ত

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদার পাড়ার বাসিন্দা নুর মোহাম্মদ ও তাঁর স্ত্রী গুলতাজ বেগমের পরিবার বর্তমানে চরম মানবিক সংকটের মধ্য দিয়ে দিন পার করছেন।

গত তিন দিনের টানা ভারী বর্ষণে তাদের বসতবাড়ির একটি অংশ ও মাটির দেয়াল ধসে পড়ে। আকস্মিক এ ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন এবং কয়েকজন হালকাভাবে আহত হন। বর্তমানে সাত কন্যাসন্তানসহ পরিবারটি নিরাপদ আশ্রয়ের অভাবে চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করছে।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নুর মোহাম্মদ দীর্ঘদিন ধরে কোমরের গুরুতর আঘাতে কর্মক্ষমতা হারিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি নিয়মিত কাজ করতে পারেন না, ফলে পরিবারটি দীর্ঘদিন ধরেই দারিদ্র্য ও অভাবের সঙ্গে লড়াই করে আসছে। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ তাদের সেই দুর্ভোগকে আরও গভীর করেছে।

এমন পরিস্থিতিতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়সহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি মানবিক বিবেচনায় পরিবারটির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করে জরুরি আর্থিক সহায়তা, নিরাপদ বাসস্থানের ব্যবস্থা এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রদানের বিনীত আবেদন জানানো হচ্ছে।

পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সকল মানবিক হৃদয়ের মানুষের প্রতি আন্তরিক আহ্বান এই অসহায় পরিবারের পাশে দাঁড়ান। আপনাদের সামান্য সহযোগিতাও সাত কন্যাসন্তানসহ নুর মোহাম্মদের পরিবারকে নতুন করে বেঁচে থাকার সাহস, নিরাপত্তা ও আশার আলো এনে দিতে পারে।
মানুষ মানুষের জন্য। আসুন, সবাই মিলে অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াই।