নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানাল পাটকেলঘাটা ক্লাব ও পাঠাগার
সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব-কে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন পাটকেলঘাটা ক্লাব ও পাঠাগারের সদস্যরা।
মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টায় জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে পাটকেলঘাটা ক্লাব ও পাঠাগারের সভাপতি মকবুল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, হাফিজুর রহমান হাফিজ, সাংবাদিক আব্দুল মোমিন, মিহির সাধু মনা, উদয় ঘোষ, মাহমুদুল হক লাল্টু, মোসফেক বিশ্বাস ও আনিছুর জামানসহ অন্যান্য সদস্যরা।
শুভেচ্ছা বিনিময়কালে জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন, বর্তমান প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি মনোযোগী করতে হবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে ক্রীড়াচর্চার বিকল্প নেই। তরুণদের মাদক থেকে দূরে রাখতে এবং সুস্থ জীবনধারা গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
তিনি আরও বলেন, “পাটকেলঘাটা ক্লাব ও পাঠাগার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই ক্লাব থেকে একসময় অনেক প্রতিভাবান খেলোয়াড় তৈরি হয়েছে। ক্লাবটির সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে হবে। ভবিষ্যতে এ প্রতিষ্ঠানের মাধ্যমে আরও দক্ষ ও মেধাবী খেলোয়াড় গড়ে তুলতে হবে।”এ সময় তিনি ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজসেবামূলক কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে পাটকেলঘাটা ক্লাব ও পাঠাগারের পাশে থাকার আশ্বাস দেন এবং সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
