- ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনা রোধে নিসচা’র সচেতনতামূলক লিফলেট বিতরণ
জাহাঙ্গীর আলম (মুকুল) | ডুমুরিয়া, খুলনা
‘ট্রাফিক আইন মানুন, নিরাপদ থাকুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ায় ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে জাতীয় সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখা।
মঙ্গলবার (৯ জুন) বিকাল ৫টায় ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে এই লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচির মাধ্যমে চালক, শ্রমিক, পথচারী এবং সাধারণ মানুষের মাঝে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিলি করা হয়।
লিফলেট বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট ইখতিয়ার। তিনি বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার কোনো বিকল্প নেই। আইন অমান্য করাই দুর্ঘটনার প্রধান কারণ। নিসচা’র এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।” এ সময় তার সাথে ছিলেন ডুমুরিয়া থানা পুলিশের এএসআই জাহাঙ্গীর ও সঙ্গীয় ফোর্স।
নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ এ সময় উপস্থিত সকল চালক ও পথচারীদের উদ্দেশ্যে ট্রাফিক সংকেত মেনে চলা এবং গতি নিয়ন্ত্রণে সতর্ক থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, কোষাধ্যক্ষ শাহারুজ্জামান সবুজ, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ খান, দপ্তর সম্পাদক আব্দুর রহমান বেপারী, সাংস্কৃতিক সম্পাদক এমএ জলিল এবং কার্যকরী সদস্য গোপাল ও মুজাহিদুল ইসলাম সেতুসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
নিসচা’র নেতৃবৃন্দ জানান, সড়ককে নিরাপদ রাখতে এবং প্রাণহানি কমাতে তাদের এই জনসচেতনতামূলক কার্যক্রম আগামী দিনগুলোতেও চলমান থাকবে। স্থানীয় সচেতন মহল সংগঠনটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
